ডেইরি ফার্মের বা দুধ উৎপাদনের জন্য পালিত গরুর জাকাতের বিধান
#প্রশ্ন: জনাব মুফতি সাহেব! আমার একটা ডেইরি ফার্ম আছে যাতে ৭০-৮০টি গরু আছে। আমি এগুলোর দুধ বিক্রি করে ব্যবসা করি এবং এই গরুগুলোর খাওয়া-দাওয়ার পুরো খরচ আমাকেই বহন করতে হয়। এখানে আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে আমাকে কি উক্ত গরুগুলোর জাকাত দেওয়া লাগবে?
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ডেইরি ফার্মের ওই গরুগুলোর ওপর কোনো জাকাত ওয়াজিব হবে না। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, যেসকল গবাদিপশু মাঠ বা চারণভূমিতে প্রাকৃতিকভাবে মুক্ত অবস্থায় ঘাস খেয়ে জীবন ধারণ করে (যে গুলোকে 'সায়িমাহ' বলা হয়), বছরজুড়ে জাকাতযোগ্য নেসাব পূর্ণ থাকলে কেবল সেগুলোর ওপরই জাকাত ফরজ হয়।
পক্ষান্তরে, আপনার ডেইরি ফার্মের গরুগুলো যেহেতু নিজের খরচে কেনা খাদ্য বা দানাদার খাবার খাইয়ে লালন-পালন করা হয় (যে গুলোকে 'আসুফাহ' বলা হয়), তাই মালিকের ব্যক্তিগত তত্ত্বাবধানে ও খরচে পালিত হওয়ার কারণে মূল গরুর ওপর কোনো জাকাত ফরজ হবে না।
অবশ্য মূল গরুর ওপর জাকাত না আসলেও, ফার্মের গরুগুলোর দুধ বিক্রি করে যে অর্থ বা নগদ টাকা আয় হয়, তা যদি জাকাতের নেসাব পরিমাণ (সাড়ে সাত তোলা সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের সমপরিমাণ নগদ অর্থ) হয় এবং তার ওপর পূর্ণ চন্দ্র বছর বা এক বছর অতিবাহিত হয়, তবে সেই সঞ্চিত নগদ অর্থের ওপর হিসাব করে অবশ্যই জাকাত আদায় করতে হবে।
* খুলাসাতুল ফাতাওয়া: ১/২৩৫ (মাকতাবে বাযিদিয়া, কোয়েটা)
* ফাতহুল কাদীর: ২/১২৬ (দারুল ফিকর, বৈরুত)
* আদ্দুররুল মুখতার (রদ্দুল মুহতার): ২/২৭৫ (দারুল ফিকর, বৈরুত)
* ফাতাওয়া হিন্দিয়া: ১/১৭২, ১৭৬ (মাকতাবে বাযিদিয়া, কোয়েটা)
* আল-বাহরুর রায়েক: ২/২১৩ (দারুল মাআরিফা, বৈরুত)
* আল-মাবসূত লিস সারাখসি: ২/১৬১ (দারুল মাআরিফা, বৈরুত)
* বাদায়েউস সানায়ে ফি তারতিবি শরায়ি: ২/১৮ (দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, বৈরুত)

0 মন্তব্যসমূহ